খালেদা জিয়ার দুই মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুন পর্যন্ত স্থগিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা এবং ১৫ আগস্ট ‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগে করা দুই মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন আদালত।

0 18,125

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নুর এ আদেশ দেন।

খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার মামলা দুটির শুনানি স্থগিত চেয়ে আদালতে আলাদা দুটি আবেদন করেন।

আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারছেন না। তাছাড়া তার নড়াচড়া করার মতো অবস্থা নেই। তাই শুনানি স্থগিত করা উচিত।

 
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে শুনানির সময় মামলার অভিযোগকারীরা উপস্থিত ছিলেন না। এ নিয়ে এ মামলার শুনানি পেছাতে ১৭ বার আবেদন করা হলো।

দেশের মানচিত্র ও জাতীয় পতাকা ‘অবমাননার’ দায়ে খালেদা জিয়া ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগপন্থি সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক ঢাকার আদালতে একটি মামলা করেন।

পরে জিয়াউর রহমানের নাম অভিযোগ থেকে বাদ দেন আদালত। এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার আরেকটি আদালতে অপর মামলাটি করেন।

এছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ঢাকার অপর তিনটি আদালতে বিচারাধীন।

সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন তার গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।

Leave A Reply